মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীকে পিটুনির অভিযোগে শিক্ষক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

স্কুলে শিক্ষার্থীকে পিটুনি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্কুলের ব্যবস্থাপনা কমিটি তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ক্লাসরুমে মারধরের অভিযোগে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে অভিযোগ করেছিলেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সহকারী শিক্ষক মো. আনিস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি ঘটনাটি তদন্ত করবে। কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এর ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন বলেন, 'সরকারি বিধি অনুযায়ী কোনো ছাত্রকে মারধর করা যাবে না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

অভিযুক্ত শিক্ষক মো. আনিস উদ্দিন বলেন, 'ছাত্রদের চুল ছেটে আসার নির্দেশ ছিল। কিন্তু বেশ কয়েকজন ছাত্র স্কুলের এই সিদ্ধান্ত মানছিল না। এ কারণে আমি গতকাল ৪ জনকে বেত্রাঘাত করি। এদের মধ্যে একজনের বাবা অভিযোগ করেছেন। আমি দোষ স্বীকার করে ওই শিক্ষার্থীর বাবার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি।'