মা মাছ রক্ষায় হালদায় অভিযান, ৪ হাজার মিটার জাল জব্দ
প্রতি বছর মৌসুমের প্রথম ভারী বর্ষণের সময় হালদায় ডিম ছাড়ে মা মাছ। মূলত এপ্রিলের শেষ বা মে মাসের বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে রুই, কাতলা, মৃগেল ও কালাবাউশ জাতীয় মা মাছ ডিম ছাড়ে।
তাই প্রজনন মৌসুমকে সামনে রেখে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান শুরু করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
আজ বুধবার ভোরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আনুমানিক ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়।
ইউএনও মো. শাহিদুল আলম বলেন, 'আসন্ন প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষায় নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযান চালানো হয়। এসময় গহিরা ইউনিয়ন, তেলপাড়ই খালের মুখ ও নাঙ্গলমোড়া বাজার পয়েন্ট থেকে অবৈধ জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।'