মুন্সিগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন হয়নি সরকারি ৪ অফিসে

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আদেশ থাকলেও, মুন্সিগঞ্জের ৪টি সরকারি অফিসে তা মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত জেলা সাব-রেজিস্ট্রার অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও জেলা পরিসংখ্যান অফিসে পতাকা উত্তোলন হয়নি।

সরেজমিনে মুন্সিগঞ্জ শহরের কাচারি জেলা সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে সেটিকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ভেতরে পতাকা দণ্ডে ছিল না জাতীয় পতাকা।

tds_75.jpg
জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

অন্যদিকে, শহরের খালইস্ট এলাকার একটি ভবনে জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় ও জেলা পরিসংখ্যান অফিস অবস্থিত। এ ২ সরকারি অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এছাড়া জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভেতরে পতাকা উত্তোলনের দণ্ডে ছিল না পতাকা।

জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শরীফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য আমি বগুড়া জেলায় অবস্থান করায় কর্মস্থলে উপস্থিত নেই। গতকাল অফিস স্টাফদের পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছিলাম।'

275936410_1847740828758060_3452597421387648095_n.jpg
পতাকা উত্তোলন হয়নি জেলা পরিসংখ্যান অফিস ও পরিবার পরিকল্পনা অফিসে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

এ ঘটনায় তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

জানতে চাইলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, 'জেলা পরিবার পরিকল্পনা অফিস ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে কি না, তা জানা নেই। খোঁজ নিচ্ছি।'

এদিকে, জেলা রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার দের মুঠোফোনে একাধিকবার কল করা হয় ও মেসেজ পাঠানো হলেও তিনি ফোন ধরেননি ও মেসেজের উত্তর দেননি।

এ বিষয়ে জানতে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চারটি অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি, এটা আপনার কাছ থেকেই জানতে পারলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'