মৌলভীবাজার সীমান্তে ৫ বাংলাদেশিকে বিএসএফের নির্যাতনের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে আদমপুর বাজারের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রাতে গ্রামবাসীরা গিয়ে আহতদের উদ্ধার করে আনে। তারা জানান, বাঁশ কাটতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন আলিক মিয়া, হাবিব মিয়া, আহাদ মিয়া, আফজাল মিয়া ও নজির মিয়া। বিএসএফের পিটুনিতে আফজাল ও নজির গুরুতর আহত হয়েছেন। আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে তাদের বাড়ি।
পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আজাদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, বিএসএফ সদস্যরা ৫ জনকে বেধড়ক পিটিয়ে সীমান্ত এলাকায় ফেলে যায়। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, পাহাড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বাংলাদেশিদের ভারতে প্রবেশ করার কথা শুনেছি। বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। কাউকে মারধর বা ধরে নেওয়ার কোনো তথ্য নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে।