যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, তারা কখনো ক্ষমা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা স্বাধীনতার ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায়, তারা কখনো ক্ষমা পাবে না। ইতিহাসও তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবে না, তাকে খাটো করতে পারবে না। তাকে ও তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। দেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে বলেই দেশ আজ উন্নত বিশ্বের দরবারে ব্যাপক পরিচিতি লাভ করেছে।'
আজ রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের মর্যাদা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশে নারীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় নারীরা আজ তাদের মেধা দিয়ে স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে ৫০ শতাংশ স্থান দখল করেছে। ২০৪১ সালের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে নারীরাও কাজ করে যাচ্ছে।'
'বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পুলিশকে জনগণের পুলিশে পরিণত করা। আজকের পুলিশ জনগণের পুলিশ তবে দু'একজন পুলিশ অপকর্ম করে থাকেন। কিন্তু তারাও শাস্তি ভোগ করছেন,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর সম্মতিতেই ৩ মার্চ আমরা বাংলার পতাকা উড়িয়েছিলাম। ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছিল একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ পৃথিবীর যত মানুষ শুনেছে- বিশ্বের কোনো নেতার ভাষণ এত বেশি সংখ্যক মানুষ শুনেনি। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী নিয়ে একটি মহল নোংরামি করতে চেয়েছিল। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে জানবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ২০৩১ ও ২০৪০ এর সালের যে স্বপ্ন দেখছেন তা আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবেন।'