যুদ্ধাপরাধীদের গাড়িতেও বাংলাদেশের পতাকা উড়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ আগস্টের পর এ দেশকে আরেকটি পাকিস্তানে পরিণত করার পাঁয়তারা দেখেছি। যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদের গাড়িতেও বাংলাদেশের পতাকা উড়েছিল। ইতিহাস বিকৃত করা হচ্ছিল। আমরা এটি সহ্য করতে পারছিলাম না।

আজ রোববার রাত ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টংগিবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, 'যতদিন এদেশে বঙ্গবন্ধুর সৈনিক বেঁচে থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। আওয়ামীলীগ এর নেতৃত্ব বাংলাদেশকে কেউ আর রুখতে পারবে না।'

তিনি বলেন, 'যেদিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলেন সেদিন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি ওয়াদা করেছিলেন, তাকে ভোট দিলে তিনি বাংলাদেশকে বদলে দিবেন। তিনি যথার্থ ভাবেই বদলে দিয়েছেন, এ কারণে আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি। বটমলেস বাস্কেট থেকে আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।'