যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার ও নৈশভোজ
সেনানিবাসের সেনামালঞ্চে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ শনিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ শনিবার সন্ধ্যায় মহান স্বাধীনতা যুদ্ধের বীর-সেনানী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠান আয়োজন করেন।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইফতারের পূর্বে সম্মানিত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।'
অনুষ্ঠানে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। এ সময় মন্ত্রী ও সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।