রক্তিমসহ আহত ভাই-বোন বিনা খরচে সর্বোচ্চ চিকিৎসা পাবেন: হাইকোর্টের আশাবাদ

স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারে গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় ৫ সহোদর নিহতের ঘটনায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে (সিজিএইচ) চিকিৎসাধীন আহত রক্তিম শীলসহ ও অপর ভাই-বোন বিনা খরচে সর্বোচ্চ চিকিৎসা পাবে বলে আশা প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একটি রিট আবেদনের শুনানিকালে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আশাবাদ ব্যক্ত করেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জ্বল পাল ও জাহিদ হোসেন দোলন সোমবার সম্মিলিতভাবে জনস্বার্থে ওই রিট আবেদন করেন।

আবেদনে তারা পিকআপের মালিককে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভাই-বোন ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে হাইকোর্টের কাছে অনুরোধ জানান।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটের ওই দুর্ঘটনায় গুরুতর আহত রক্তিম, প্লাবন শীল, মুন্নি এবং অন্যান্যদের জরুরি ভিত্তিতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও আদালতের কাছে অনুরোধ জানানো হয় আবেদনে।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ নাসরিন দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার আবেদনের ভার্চুয়াল শুনানির সময় হাসপাতাল কর্তৃপক্ষ হাইকোর্ট বেঞ্চকে বলেছে যে তারা বিনা খরচে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।

আদালত আগামী ২২ ফেব্রুয়ারি এই আবেদনের ওপর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন বলে জানান এই আইনজীবী।