রমজান উপলক্ষে ভোজ্যতেলের আমদানি শুল্ক কমাতে এনবিআরকে মন্ত্রিসভার নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

রমজান উপলক্ষে ভোজ্যতেলের আমদানি শুল্ক কীভাবে কমানো যায়, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে ব্রিফিংকালে বলেন, 'আমদানি শুল্ক ১৫ শতাংশ। এটি কতটা কমানো যায়, এনবিআরকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সরকার খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ওপর ৫ শতাংশ ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।'

আজ এসআরও জারি করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।