রাজশাহীতে সরকারি ২০ টন চাল ব্যবসায়ীর আড়ত থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলা থেকে সরকারি খাদ্য গুদামের ২০ টন চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি খাদ্য গুদামের চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তি করে দুপুরে উপজেলার কাঁকড়ামারী বাজারে অভিযান চালানো হয়। একটি চালের আড়তে অভিযান চালানোর সময় আরেকটি আড়তের তথ্য জানা যায়। দুটি আড়ত থেকে ৬৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ২০ হাজার ১০ কেজি চাল ছিল। এ ছাড়া ৩৩ বস্তা চাল তারা সরকারি বস্তা থেকে ঢেলে ফেলেছিল।

এ ঘটনায় জড়িত চারঘাট উপজেলার বিল মেরামতপুর গ্রামের বাসিন্দা মো. মুস্তাকিন আলী (৫৫) ও তার ছেলে মোবারক হোসেন (৩০) এবং শমসের আলীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই বাজারে চালের ব্যবসা করেন। তাদের দাবি, মো. হালিম নামে খাদ্য গুদামের এক কর্মচারীর কাছ থেকে চালগুলো কিনেছিলেন।

সাজ্জাদ হোসেন আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং আমরা প্রমাণ করে দেবো খাদ্য গুদামের প্রধানও এ ঘটনায় জড়িত।