রাজশাহীতে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ, ব্যবসায়ী আটক
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুতকৃত ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই এলাকার একটি ভাড়া করা সরকারি গুদামে অভিযান চালায় পুলিশ।
এক ঘণ্টার অভিযানে পুলিশ ৯৫টি ড্রামে সয়াবিন তেল এবং ৫টি ড্রামে সরিষার তেল উদ্ধার করে। প্রতিটি ড্রামে ২০৪ লিটার করে তেল ছিল।
জব্দকৃত তেলের মধ্যে ১৯ হাজার ৩৬০ লিটার সয়াবিন তেল এবং এক হাজার ২০ লিটার সরিষার তেল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. শহিদুল ইসলাম স্বপন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ইফতেখায়ের আলম বলেন, 'তিনি পরবর্তীতে বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করেছিলেন।'
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।