রাজশাহী-রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ও রংপুর বিভাগে ডাকা পরিবহন ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ শুক্রবার সংগঠনটির রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাতাব হোসেন এই ঘোষণা দেন।

এদিন বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ২৬ মার্চ হানিফ কেটিসি রাজশাহী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। কাঁটাখালী এলাকায় একটি মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। দুর্ঘটনায় বাসচালকে নামে মামলা দায়ের হয় এবং চালক মো. আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। গত ১ বছর ধরে তিনি কারাবন্দি। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে একাধিকবার তার মুক্তির দাবি জানানো হলেও আদালত জামিন মঞ্জুর করেননি। দীর্ঘ সময় বন্দি থাকায় তার পরিবারের সদস্যরা অনাহারে জীবন কাটাচ্ছে।

গত ২৪ মার্চ আমরা রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন শ্রমিকদের আগামী ২৭ মার্চ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছিলাম। গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী ২৯ মার্চ আব্দুর রহিমের জামিনের সুব্যবস্থা করা হবে। তার বিশেষ অনুরোধে আমরা কর্মসূচি স্থগিত করেছি। যদি নির্দিষ্ট তারিখের মধ্যে জামিনের ব্যবস্থা না হয় তাহলে পুনরায় ধর্মঘট আহ্বান করা হবে, বলেন মাহাতাব হোসেন।