নারায়ণগঞ্জ

রিকশাচালককে সংসদ সদস্যের গলাধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর কাছে অর্থ সহায়তা চাওয়া এক রিকশাচালককে তিনি গলাধাক্কা দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার ভোর থেকে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে গেলে নারায়ণগঞ্জ শহরজুড়ে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভুক্তভোগী ওই রিকশাচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু হেঁটে যাচ্ছেন। তখন এক ব্যক্তি কাছে এলে তিনি তাকে গলাধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো গত ১ মে সকালে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী, কড়ইতলা, গোপালদীবাজার, শান্তিরবাজার, মানিকপুর, বিশনন্দি, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশা চালক, ভিক্ষুক ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

গত কয়েকবছর ধরেই তিনি ঈদের সময় এভাবে নগদ অর্থ বিতরণ করে আসছেন।

জানা যায়, রোববার বিকেলে জাঙ্গালিয়া বাজার এলাকায় এক রিকশাচালককে টাকা দেন তিনি। কিন্তু ওই রিকশাচালক আবার টাকা নিতে এলে নজরুল ইসলাম বাবু সহযোগীদের কাছ থেকে তা জানতে পারেন এবং ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে গলাধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।

গলাধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ রকম কোনোদিনই হয়নি।'

তিনি বলেন, 'অনেক বছর ধরেই আমি মানুষকে টাকা দিয়ে আসছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ দিন ধরে রিকশাচালক, দরিদ্র ও পথশিশুদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে। মানুষের ভিড় এড়াতে আমি নিজে গিয়ে বিতরণ করি।'

'ভিডিওটি সম্পর্কে আমাকে একজন ফোনে জানিয়েছে। তারপর আমি ভিডিওটি দেখি। কিন্তু এ রকম কোনো ঘটনা ঘটেনি। এটি সত্য না,' বলেন তিনি।

তিনি বলেন, 'এর আগেও অনেকবার আমার ভিডিও করেছে। আমি কোরআন তেলাওয়াত করছিলাম, তখন বলছে আমি ঝাড়-ফুঁক দিচ্ছি। একটি কুচক্রী মহল এটা করে থাকে।'

'এভাবে মানুষ কাউকে ধাক্কা দিতে পারে কোনো কারণ ছাড়া?'

একবার টাকা নেওয়ার পর দ্বিতীয়বার আসায় গলাধাক্কা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি তো টাকা দিচ্ছি। আমার ফেসবুকে একটি ভিডিও আছে, সেটা দেখেন। কেউ সিন্ডিকেট করে ভিডিওটি ভাইরাল করেছে।'

এদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ফেসবুক আইডি থেকে অর্থ সহায়তার সময়ের ১ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে ভিডিওটিতে গলাধাক্কার দৃশ্যটি দেখা যায়নি।