রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হার আশঙ্কাজনকভাবে বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সরকার এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে।
আজ রোববার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনকে বলবো, তারা যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করে। সে ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। আমরা দেখছি প্রতি বছর ৩৫ হাজার শিশু জন্ম নিচ্ছে। আমাদের ৫ বছর হয়ে গেছে, তাহলে দেড় লাখ হয়ে গেছে।
তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দারা যেন বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করতে না পারে সে জন্য ইউএনএইচসিআরের ডাটাবেজ ব্যবহার করা হবে। রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, আনসার ও র্যাবের যৌথ টহল চলছে সেটা আরও জোরদার করা হবে। ক্যাম্পের বাইরে সেনা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। যদি অভিযানের প্রয়োজন হয় সেনা বাহিনীর সঙ্গে সমন্বয় করে করতে হবে।
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধভাবে স্থাপিত দোকান-পাট উচ্ছেদ করা হচ্ছে। তা চলমান থাকবে। ক্যাম্পের চারপাশ দিয়ে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য সেনাবাহিনীকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। সেটার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে। রাস্তা নির্মাণের কাজও শেষের দিকে, বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বয়সভিত্তিক না করে সবাইকে একই পরিমাণ রেশন দেওয়া হয়। আমরা বলেছি, রেশনটা যেন বয়সভিত্তিক দেয়। নাফ নদী দিয়ে মাদক চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।