রোহিঙ্গা বিষয়ে চাপ অব্যাহত রাখতে সিঙ্গাপুর সহায়তা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

স্টার অনলাইন রিপোর্ট

রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কূটনৈতিক বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় ও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এবং আশিয়ান ফোরামে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান উভয় ক্ষেত্রেই তার সরকারের অকুণ্ঠ সমর্থনের কথা জানান।

ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ অ্যাওয়ার্ড চালুর বিষয়ে নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুততম সময়ে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়ক নেগোসিয়েশন সমাপ্ত করে এ চুক্তি সই করা, শিক্ষার্থী ও পেশাদার পর্যায়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন স্কলারশিপ ও বৃত্তি চালু, খাদ্য নিরাপত্তা অর্জনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, সিঙ্গাপুরে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ ও স্বার্থসংরক্ষণসহ বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে তারা আলোচনা করেন।

ভিভিয়ান বালাকৃষ্ণান এসব বিষয়ে সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে বাংলাদেশ পক্ষে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. নাজমুল হুদা, পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর) এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর সরকারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক গিলবার্ট ওহ্‌ এবং বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্‌।