লঘুচাপের প্রভাবে বৃষ্টি আরও ২ দিন, নদীবন্দরে নৌ-হুঁশিয়ারি সংকেত

স্টার অনলাইন রিপোর্ট

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও ২ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। আজ শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া, দেশের অন্যান্য জায়গায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া ও গাইবান্ধায়, দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত জয়পুরহাট ও দিনাজপুরে বৃষ্টি হয়। এছাড়া, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামীকাল ও পরশু বৃষ্টি হতে পারে। এছাড়া, বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী মেঘের উচ্চতা বেশি হলে ঝড় বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও এর আশে পাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, সাধারণত লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগে। কখনো কখনো ৪৮ ঘণ্টা লেগে যায়। আমরা পর্যবেক্ষণ করছি। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না অথবা হলেও আমাদের এখানে কতটা প্রভাব পড়বে সেটা এখনো বলার সময় হয়নি।