শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, বাড়ছে না ভাড়া

স্টার অনলাইন রিপোর্ট

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার থেকে পূর্ণ ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে। তবে বাস ভাড়া বাড়ানো হচ্ছে না।

আজ বুধবার পরিবহন মালিক–শ্রমিক নেতাদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।

বৈঠক সূত্র জানায়, পরিবহন মালিক–শ্রমিক নেতারা যত আসন তত যাত্রীর দাবি করেন। এ দাবিটি প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে বিআরটিএ চেয়ারম্যান পরিবহন নেতাদের আশ্বস্ত করেন।