শিমুলিয়ায় গাড়ির জন্য ফেরির অপেক্ষা, নেই যাত্রী চাপ
ঈদযাত্রার শেষ দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ নেই।
ফেরি পারের অপেক্ষায় গাড়ি নেই, লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রী চাপ কম। ফেরিগুলোকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
আজ সোমবার সকাল ১০টায় এ চিত্র শিমুলিয়া ঘাটে। এ নৌপথে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোট চলাচল করছে।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘাট এলাকায় পারের অপেক্ষায় গাড়ি নেই। যেসব গাড়ি আসছে সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। গাড়ির জন্য ফেরিগুলো অপেক্ষা করছে। গেল কয়েকদিন যানবাহনের চাপ অনেক বেশি থাকায় আজ ঘাটে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।'
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঈদযাত্রার শেষ দিনে শিমুলিয়া লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের কোনো চাপ নেই। স্বাভাবিকভাবেই যাত্রীরা পদ্মা পার হচ্ছেন।'
শিমুলিয়া ঘাটে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা কাউছার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে বরিশাল সদরে যাব। সকাল সাড়ে ৯টায় ঘাটে এসেছি। এসেই সরাসরি ফেরি পেয়েছি। আসার পথে সড়কে কোনো অসুবিধাও হয়নি।'
ঘাটের এরকম পরিস্থিতি থাকায় খুবই খুশি বলে জানান তিনি।
মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শিমুলিয়া ঘাটে হাজার হাজার মোটরসাইকেল পার হয়েছে। কিন্তু আজ ঘাটে পারের অপেক্ষায় তেমন মোটরসাইকেল নেই। ফেরিগুলো উল্টো গাড়ির জন্য অপেক্ষা করছে। ঈদের আগের দিন এরকম পরিবেশ দেখে স্বস্তি লাগছে।'