শিমুলিয়া-বাংলাবাজারে ৫ ফেরি চালু, পারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি
মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। ভোর থেকেই ফেরিতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং লঞ্চ ও স্পিডবোটে যাত্রী চাপ আছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ নেই। শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের স্বাভাবিক চাপ আছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় প্রায় ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় আছে। বাংলাবাজার ঘাটে ঢাকামুখী একটি ফেরিঘাট ব্যবহার করে শুধু মোটরসাইকেল পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র শরিয়তপুরের জাজিরার মাঝিকান্দি ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টায় ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি আছে পারের অপেক্ষায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। ৪ নম্বর ফেরিঘাটকে শুধু মোটরসাইকেল পারের জন্য নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও ফেরি আসার পর দীর্ঘ লাইন কমে আসে। বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চাপ বাড়ছে। মাঝিকান্দি ঘাটেও ব্যক্তিগত গাড়ির স্বাভাবিক চাপ আছে। গতকালের তুলনায় আজকে চাপ বেশি।'
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যানবাহন নেই। যেসব গাড়ি পার হচ্ছে এসব ঘাটে আসার পর সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির চাপ আসছে বাংলাবাজার ঘাট থেকে। ফেরি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে পরিপূর্ণ হয়ে ঘাটে আসছে। তারপর বাস, সিএনজি, অটোরিকশার মাধ্যমে গন্তব্যে চলে যাচ্ছে।'
বিআইডাব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের নৌ-পরিদর্শক মো. সোলেমান ডেইলি স্টারকে বলেন, 'শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোটে দক্ষিণবঙ্গগামী যাত্রী চাপ নেই। তবে বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় আছে।'
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বাংলাবাজার লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় সামলাতে জেটির মুখে আলাদা করে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত লঞ্চগুলো ১০০টির বেশি ট্রিপ বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। ৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার মানুষ লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হয়েছে।'