সন্তানদের বই পড়ার অভ্যাস করাবেন: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

সন্তানদের বই পড়ার অভ্যাস করানোর তাগিদ দিয়ে অভিভাবকদের উদ্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'আজকে মোবাইলের যুগে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় বলে বই পড়ার অভ্যাস গড়ে উঠছে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সন্তানদের বই পড়ার অভ্যাস তৈরি করাবেন।'

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশে আইভী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবন প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আইভি আরও বলেন, 'আপনারা নিজেরা বই পড়বেন। বাচ্চাদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে বলবেন। বঙ্গবন্ধু এ দেশের জন্য কি করেছে বাচ্চাদের জানতে হবে। ওরা না জানলে ওদের ভেতরে দেশপ্রেম জন্ম নেবে না। কোনো বাচ্চার ভেতরে যদি দেশপ্রেম না থাকে তাহলে সে দেশের জন্য কোনো কাজও করতে চাইবে না।'

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কয়েকশ শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃতি ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীসহ অংশগ্রহণকার শিশুদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা' বই ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।