সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান
মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের উদ্দেশে আজ সোমবার তিনি ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ২০-২২ এপ্রিল সেনাপ্রধান ওয়াশিংটন ডিসি শহরে পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় তিনি প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত নিয়ার ইস্ট সাউথ এশিয়া (এনইএসএ) সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
২৫-২৬ এপ্রিল সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল এ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের নেতৃস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফর শেষে আগামী ২৭ এপ্রিল সেনাপ্রধান দেশে ফিরবেন।