সাদা কাগজে সই রেখে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
সাভারের আশুলিয়ায় জোর করে সাদাকাগজে সই রেখে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
আজ রোববার সকালে সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়ায় 'আসকারি ফ্যাশন লিমিটেড' নামের ওই কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় ৩০০ শ্রমিক আছে। গত ১৬ মার্চ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেয় এবং প্রায় ৩০ জন শ্রমিককে কোনো কারণ ছাড়াই জোর করে সাদা কাগজে সই রেখে কারখানা থেকে বের করে দেয়। আজ সকালে শ্রমিকরা চাকরিতে পূর্ণবহাল, বকেয়া বেতন, ও পাওনার দাবিতে শ্রমিক নেতাদের নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
কারখানা থেকে চাকরি হারানো পারভীন আক্তার বলেন, 'কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়েই আমাদের সাদা কাগজে সই রেখে কারখানা থেকে করে দিয়েছে। আমাদের বেতন ও পাওনাদি পরিশোধ করেনি।'
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল কামরান দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে জোর করে অব্যাহতিপত্রে সই করিয়েছে। ঈদকে সামনে রেখে শ্রমিকদের এভাবে বের করে দেওয়া অমানবিক। শ্রমিকরা দাবি আদায়ে কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করবে।
যোগাযোগ করা হলে, কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কারখানায় ২৫০ শ্রমিক রয়েছে। ৩০ জন শ্রমিক নয় ২১ জন শ্রমিককে অব্যাহতিপত্রে স্বাক্ষর রেখে বেতন ও পাওনাদি পরিশোধ করে কারখানা থেকে বের করে দেয়া হয়েছে। কারখানার ভেতরে মারামারি, শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টার করছিল।'