সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের জানাজা বিকাল ৪টায়
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা আজ শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে তার প্রথম নামাজে জানাজা হবে।
আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগা মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা হবে।
জানাজা শেষে আগামীকাল তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টা ৫ মিনিটে মারা গেছেন সাহাবুদ্দীন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।