সাভারে নিজ বাসা থেকে বাকপ্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার
ঢাকার সাভারের নিজ বাসা থেকে আম্বিয়া খাতুন (৭৫) নামের এক বাকপ্রতিবন্ধী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারের ভরারি এলাকার মৃত আব্দুল লতিফের ৪ তলা বাড়ির তৃতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আম্বিয়া খাতুন ভাই ও স্বজনদের সঙ্গে ওই বাড়িতেই বাস করতেন। রাত আড়াইটার দিকে নিজ কক্ষে স্বজনরা গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহিদ হাসান জানান, নিহতের গলায় ৪ ইঞ্চি পরিমাণ কাটা দাগ আছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বলা যাচ্ছেনা।