সার্বিয়ায় মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সার্বিয়ায় গত মাসে মারা যাওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিক বাদল খন্দকারের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শনিবার রাতে ৯টা ১৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাদল খন্দকার গত বছরের নভেম্বরে একটি ভালো বেতনের চাকরির আশায় সার্বিয়া গিয়েছিলেন।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে বাংলাদেশের নিয়োগকারীরা জানান, ইউরোপের দেশটিতে চাকরি করে তিনি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারবেন।
তবে, পরে তিনি জানতে পারেন সেই প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব নেই।
গত ৭ মার্চ ভোরে একটি লরিতে করে ইতালি যাওয়ার পথে বাদল হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং পরে সার্বিয়ায় গিয়ে মারা যান।