সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ থাকবে রোববার
সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল রোববার হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাহাবুদ্দীন আহমদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে সেদিন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। একই বছরের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হলে তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তার নেতৃত্বেই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
