সিলেটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, সিলেট

বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ঢল নেমেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

আজ রোববার দুপুর ১২টায় এই ভাষাসৈনিকের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়।

গত শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার ঢাকায় গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ শেষে তার মরদেহ সিলেটে নেওয়া হয়।

আজ জোহরের নামায শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।