সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে নবজাতকের জন্ম
রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে এক নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
আজ শুক্রবার দুপুর আড়াটার দিকে মা পারুল ও নবজাতক কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা) শওকত জামিল মোহসী ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. রিপন দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
রিপন দাস জানান, মা পারুল ৩ সন্তান নিয়ে রাজশাহী থেকে আসছিলেন। দুপুর ১২টার পর টাঙ্গাইল স্টেশন পার হলে পারুলের প্রসববেদনা শুরু হয়। তিনি ডাক্তারের সহযোগিতা চাইলে ট্রেনে একজন ডাক্তার ও নার্স পাওয়া যায়। তারা পারুলকে সহযোগিতা করেন। এসময় তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
ডা. রিপন দাস ও শওকত জামিল মোহসী সার্বক্ষণিক মা ও শিশুর খোঁজখবর রাখেন।
রিপন দাস জানান, কমলাপুর রেলওয়ে হাসপাতালের আম্বুল্যান্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পৌঁছে দেওয়ার সকল প্রস্ততি সম্পন্ন করা হয়। স্টেশনে নামলে মা ও শিশুকে চেকআপ করা হয়। পরে তাদেরকে আর হাসপাতালে নেওয়া হয়নি। স্বজনরা এসে কমলাপুর থেকে নিয়ে গেছেন। এসময় তাদের সঙ্গে রেলওয়ের একজন সিনিয়র নার্স দেওয়া হয়েছে।পারুলের স্বামী টিটু ঢাকায় রিকশা চালান।