সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় সোলাইমান শেখ (৫০) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দিকে সুন্দরবনের কৈখালি স্টেশনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের হামলায় নিহত হন। 

সোলাইমান শ্যামনরগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে। 

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, দুই দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের অনুমতি নিয়ে তিনি তার সঙ্গীদের সঙ্গে সুন্দরবনে যান। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৈখালি স্টেশনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার।

ওই মৌয়াল দলের নেতা শ্যামগরের গোদাড়া গ্রামের শহিদুল্লাহ শেখ দ্য ডেইলি স্টারকে জানান, তারা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কৈখালি স্টেশনের কাচিচাটা ক্যাম্পের লোটাবেঁকি এলাকায় মধু সংগ্রহে যান। সোলাইমান দলের সামনের দিকে ছিল। হঠাৎ একটি বাঘ তার ওপর হামলে পড়ে বনের গহিনে নিয়ে যায়। এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়। আজ সকাল ৬টার দিকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।   

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূর আলম ঘটনা নিশ্চিত করে জানান, ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে সোলাইমান শেখসহ ৫ জনের একটি দল মধু সংগ্রহের অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কৈখালি স্টেশনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণে নিহত হন। 

আজ শুক্রবার সকালে অন্যান্য মৌয়ালরা তার মরদেহ উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সকাল ১১টা পর্যন্ত মরদেহ লোকালয়ে আসেনি।