স্বাস্থ্য পরীক্ষা শেষে ২৮ নাবিক পরিবারের কাছে ফিরে যাবেন

স্টার অনলাইন রিপোর্ট

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিক দেশে ফিরেছেন। এখন তারা পরিবারের কাছে ফিরে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা।

এর আগে, আজ দুপুর ১২টা ১ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর দুপুর পৌনে ২টার দিকে নাবিকদের পরিস্থিতি জানাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে ব্রিফ করেন।

এসময় তারা জানান, ২৮ নাবিকের সবাই সুস্থ, তবে তারা ক্লান্ত এবং এক ধরনের ট্রমায় আছেন। ফলে নাবিকদের এখন উত্তরায় তাদের প্রতিষ্ঠানে নেওয়া হবে। সেখানে শারীরিক পরীক্ষার পর তারা পরিবারের কাছে ফিরে যাবেন।

রুশ হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কর্মকর্তারা জানান, যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে তারা জানান, সরকার এ বিষয়ে অবগত আছে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।