সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের নামে পঞ্চগড়ে সড়কের নামকরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ২৫ বছর পর পঞ্চগড়ের প্রয়াত সাংবাদিক আজাহারুল হক প্রধান ওরফে বুলেটের নামে পঞ্চগড় শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

জেলা শহরের ইসলামবাগ এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক থেকে-কাঁচাবাজার পর্যন্ত এই সড়কটি 'বুলেট স্মৃতি সড়ক' হিসেবে নামকরণ করা হয়।

সোমবার বিকেলে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সড়কের নামফলক উন্মোচন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম, প্রয়াত সাংবাদিক বুলেটের ছোট বোন ফরিদা আক্তার প্রধানসহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আজাহারুল হক প্রধান বুলেট ১৯৯৬ সালের ২ মার্চ রাতে গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে পঞ্চগড় শহরে আসার পথে পঞ্চগড়-চাকলাহাট সড়কের চছপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সে সময়য় তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঘটনার পর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা শহরের কাঁচাবাজার এলাকায় বুলেটের বাড়ির সামনের সড়কটি 'বুলেট স্মৃতি সড়ক' হিসেবে নামকরণের দাবি জানিয়ে আসছিলেন।