ভারতের বিপক্ষে ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো-এস্তেভাও

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন করে শুরু করতে চায় ব্রাজিল। সেই পুনর্গঠনের প্রথম ধাপেই দলে ফিরলেন চেলসির দুই তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও এস্তেভাও। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় তিন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপে জোয়াও পেদ্রোর জায়গা হয়নি। তাকে বাদ দিয়ে আনচেলত্তি দলে রেখেছিলেন নেইমারকে। শেষ পর্যন্ত শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে বিশ্বকাপের আগে চোটে পড়ায় এস্তেভাওকেও পাওয়া যায়নি। এবার দুজনকেই ফিরিয়ে আনচেলত্তি যেন ব্রাজিলের নতুন যাত্রায় তরুণদের ওপর আস্থার বার্তাই দিলেন।

বিশ্বকাপ ব্যর্থতার পর এটিই আনচেলত্তির প্রথম দল ঘোষণা। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন গোলরক্ষক পেদ্রো মরিসকো ও ওতাভিও, ডিফেন্ডার মাউরো জুনিয়র এবং মিডফিল্ডার ব্রেনো বিদোন ও গ্যাব্রিয়েল বন্তেপো। পাশাপাশি অভিজ্ঞদের ওপরও আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ।

দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মারকিনিয়োসের মতো পরিচিত মুখ। তবে এবার নেই নেইমার, কাসেমিরো ও গোলরক্ষক আলিসন। ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ায় নেইমারকে এবার বিবেচনাতেই রাখা হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের নতুন যাত্রা। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। চার দিন পর, ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।

ডিফেন্ডার: আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর কুনহা, মার্কিনিয়োস, মাতেউজিনিয়ো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো, দগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বন্তেপো।

ফরোয়ার্ড: এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, স্যামুয়েল লিনো, রাফিনিয়া ও রায়ান।