হাওরে বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতি ও অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ভুরাখালি এলাকায় বাঁধ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তিনি সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের আসানমারা বেড়িবাঁধও পরিদর্শন করেন। পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

তিনি বলেন, 'এখন দোষারোপ করার সময় নয়, ফসল উত্তোলনের জন্য বাঁধগুলো রক্ষায় সবকিছু করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'

হাওরে বাঁধ পরিদর্শনের সময় কৃষক এবং বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় কৃষকরা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির অভিযোগ করেন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর সদস্যরা সময়মত পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব না উল্লেখ করে মন্ত্রী বলেন, 'পাউবোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ফসল রক্ষা বাঁধ রক্ষায় দ্রুত অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে আরও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হবে।'

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা প্রমুখ।