হাসপাতালের শৌচাগারে শিশু জন্মের ঘটনায় তদন্ত কমিটি
হাসপাতালের শৌচাগারে শিশু জন্মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটি আগামী কাল বুধবার প্রতিবেদন জমা দেবে।
গত শনিবার বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের পাশের শৌচাগারে এক নারী টয়লেটে সন্তান প্রসব করলে, শিশুটি শৌচাগারের পাইপে চলে যায়। পরে পাইপ ভেঙে নবজাতককে জীবিত উদ্ধার করেন শিশুটির বাবা ও হাসপাতালের কর্মীরা।
হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শিশু বিভাগের প্রধান ডা. মুজিব তালুকদারকে প্রধান করে এ ঘটনায় হাসপাতালের উপপরিচালক ডা. জাহাঙ্গীর তালুকদার ও ডা. এস এম মনিরুজ্জামনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল কমিটি রিপোর্ট জমা দেবে।
নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ এবং মা শিল্পী বেগম জানান শিশুটির গায়ে হালকা জ্বর আছে তাই মেডিকেল টেস্ট করা হচ্ছে।
নেয়ামত উল্লাহ বলেন, এই হাসপাতালে স্ত্রীকে ভর্তি করানোর পরে ডাক্তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দুপুরে অপারেশনের ওষুধ কিনে আনতে বললে আমি ওষুধ নিয়ে ফিরে এসে দেখি টয়লেটে অনেক লোকজন ভিড় করে আছেন। লোকজন আমাকে জানায় আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করেছে। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য থেকে কান্নার শব্দ আসছে। তাই কারো অপেক্ষা না করে দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে আমার সন্তানকে উদ্ধার করি।
