হোটেল পূর্বাণীর চেয়ারম্যান আজিজুর রহমান মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আজিজুর রহমান আফজাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আগামীকাল বাদ আসর ধানমন্ডির আত্ তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা এবং হোটেল পূর্বাণীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

আজিজুর রহমান লালবাগের রহমান মঞ্জিল পরিবারের আবদুস সাত্তারের বড় ছেলে। তিনি বাংলাদেশ হোটেলস লিমিটেড, ফার্মাদেশ ল্যাবরেটরীজ লিমিটেড, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মাস ট্রাভেলস, সাফায়ার গার্মেন্টসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।