১০০ ‘স্ট্রিটফুডের’ গাড়িকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা ডিএনসিসির

স্টার অনলাইন রিপোর্ট

পথখাবারের মান নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১০০টি 'স্ট্রিটফুডের গাড়িকে' লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি এ তথ্য জানানো হয়েছে।

লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ ও বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ সব কথা জানান।

এ সময় মেয়র বলেন, 'রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএনসিসি কঠোর মনিটরিং করবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খাবারের মানসহ হোটেল ও রেস্তোরাঁর ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।'

তিনি বলেন, 'শুধু হোটেল এবং রেস্তোরাঁ নয় পথখাবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। পথখাবারের গুণগত মান নিশ্চিত করতে ডিএনসিসি থেকে আমরা প্রাথমিকভাবে ১০০টি গাড়ির লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করেছি, যারা পথখাবার বিক্রি করবে।'

লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ ও বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

কর্মশালায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, 'রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চয়তায় মনিটরিং ব্যবস্থা অন্য সময়ের চেয়ে অনেক বেশি জোরদার করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাদ্যে ভেজালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'