২৬ মার্চ থেকে ট্রেনের টিকেট অনলাইনে

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেনের টিকেট আগামীকাল ২৬ মার্চ থেকে অনলাইনে পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার ট্রেনের টিকেট ইস্যু সংক্রান্ত বাংলাদেশ রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৬ মার্চ সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে (eticket.railway.gov.bd) পোর্টালের মাধ্যমে ইস্যু করা হবে।

তবে রেলওয়ে সূত্র দ্য ডেইলি স্টার জানিয়েছে, 'রেলসেবা' অ্যাপের মাধ্যমে টিকেট পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে টিকেট ইস্যু করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২১ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে কাউন্টার থেকে হাতে লিখে টিকেট বিক্রি করছে। নতুন সংস্থার কাছে টিকেট বিক্রির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলায় অনলাইনে টিকেট বিক্রি বন্ধ রয়েছে।

ফলে, ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন অনেকে। কেননা, টিকেটের জন্য তাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।