২ চালকের হাতাহাতি, অ্যাম্বুলেন্সেই মারা গেল শিশুটি

নিজস্ব সংবাদদাতা, সাভার 

চিকিৎসক 'না' বলে দিয়েছিলেন। এ অবস্থায় ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে মুমূর্ষু আফসানাকে (৯) নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন তার স্বজনরা।

কিন্তু যাত্রাপথে ওভারটেকিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আফসানাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চালক আরেকটি মাইক্রোবাসের চালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান। মাইক্রোবাস চালকের লোকজন অ্যাম্বুলেন্সের চাবিও কেড়ে নেয়। এর মধ্যে অ্যাম্বুলেন্সে থাকা আফসানা বাবার কোলে মারা যায়।

গতকাল মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় এই ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনার পর গতকাল রাতে আফসানার বাবা আলম মিয়া বাদী হয়ে মাইক্রোবাসের চালক নজরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত হানিফ খান (৪০) ও ইমরান (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই সামিউল জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে শিশু আফসানাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক হয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় পেছনে থাকা একটি মাইক্রোবাস অ্যাম্বুলেন্সের সামনে এসে গতিরোধ করে। সেসময় মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম নেমে এসে  অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীকে মারধর করা শুরু করেন। এক পর্যায়ে আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনেন আনেন নজরুল ইসলাম। তারা অ্যাম্বুলেন্সের চাবি কেড়ে নেন। তখন অ্যাম্বুলেন্সেই বাবার কোলে মারা যায় শিশু আফসানা।

এসআই সামিউল আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বলেন এসআই সামিউল।

শিশু আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।