২ জুন থেকে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

স্টার অনলাইন রিপোর্ট

করোনা মহামারিতে বিপর্যস্ত পর্যটন খাতের পুনরুদ্ধারে দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে।

আগামী ২ জুন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ শীর্ষক ৩ দিনব্যাপী মেলাটি শুরু হচ্ছে।

বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আজ শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ওয়াহিদুল আলম জানান, এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যার মধ্যে আছে- জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং অন্যান্য প্রতিষ্ঠান।

৩ দিনব্যাপী পর্যটন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। এবারের মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা।

ঢাকা ট্রাভেল মার্ট চলাকালীন ৪ জুন বিকেল সাড়ে ৩টায় সোনারগাঁ হোটেলে 'আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন- ফ্লাই ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তাফা কামাল, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, এয়ার এস্ট্রার ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ এবং ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।