৫ দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে ৫ দিনের সরকারি সফর শেষ করে আজ শনিবার বিকেলে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০২) একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ (স্থানীয় সময়) বিকেল ৫-৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।' সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ৭ মার্চ উপসাগরীয় দেশটিতে পৌঁছান।
এই সফরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ৫টি দলিল হলো- বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ (ইসিএসএসআর)-এর মধ্যে সহযোগিতার জন্য এমওইউ ২ দেশের বৈদেশিক পরিষেবা একাডেমি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং ২ দেশের মধ্যে একটি যৌথ ব্যবসায়িক কাউন্সিল প্রতিষ্ঠার জন্য এফবিসিসিআই ও ইউএই চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক গত ৯ মার্চ দুবাই প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে, প্রধানমন্ত্রী ৮ মার্চ দুবাই প্রদর্শনী কেন্দ্র (ডিইসি) পরিদর্শন করেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দেন। পরে তিনি ডিইসিতে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর আয়োজিত নৈশভোজে অংশ নেন।
এ ছাড়া, প্রধানমন্ত্রী সকালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এফএও আঞ্চলিক সম্মেলনে যোগ দেন এবং সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের যৌথ আয়োজনে বিজনেস ফোরামে যোগ দেন।
১১ মার্চ তার সফরের শেষ দিনে, শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন।
এ ছাড়া তিনি রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।