ইউক্রেনকে ‘দ্বিতীয় আফগানিস্তান’ বানাতে চায় পশ্চিমারা: রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে কিয়েভকে 'দ্বিতীয় আফগানিস্তানে' পরিণত করার চেষ্টা করছে পশ্চিমারা।

আজ বুধবার চীনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

লাভরভ বলেন, 'যারা আফগানিস্তানকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছিল, তারা এখন ইউক্রেনকে আফগানিস্তানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে।'

আগামীকাল বৃহস্পতিবার চীনের তুনসি শহরে আফগানিস্তান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ও রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানও অংশগ্রহণ করবে এতে।

আজ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠক করেছেন লাভরভ। বৈঠকের পর ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আগের চেয়ে আরও দৃঢ়প্রতিজ্ঞ।