ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলে নিপার নদীর তীরে জাপোরিঝঝিয়া শহরে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার পর বিদ্যুৎকেন্দ্রের বাইরে একটি প্রশিক্ষণ ভবনে আগুন ধরে যায়।

nuclear_power_plant.jpg
জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার আগুন নেভাচ্ছে দমকল বাহিনী। ছবি: রয়টার্স

জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালক ইউক্রেন টুয়েন্টিফোর টেলিভিশনকে বলেছেন, 'তেজস্ক্রিয়তার নিরাপত্তা অক্ষত আছে।'

তবে রয়টার্স এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাপোরিঝঝিয়ার পার্শ্ববর্তী এনারহোদার শহরের মেয়র গণমাধ্যমকে বলেছেন, 'বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে শত্রুরা ক্রমাগত হামলা চালিয়েছে।'