ইউক্রেন অভিযানের লক্ষ্য পূরণ করবে রাশিয়া: মাখোঁকে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছেন, রাশিয়া সফলভাবে ইউক্রেন নিরস্ত্রীকরণ এবং দেশটিকে নিরপেক্ষ অবস্থানে আনার লক্ষ্য পূরণ করবে।
আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ২ নেতার মধ্যে আজ প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়েছে।
টেলিফোন কলের রিড-আউট অনুসারে, পুতিন বলেছেন, ইউক্রেন আলোচনা বিলম্বিত করার চেষ্টা চালালে মস্কোর দাবির তালিকা আরও বড় হবে।
পুতিন আরও বলেন, গতকাল মাখোঁ যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে তিনি একমত নন। ওই বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধের জন্য এককভাবে রুশ প্রেসিডেন্টকে দায়ী করেন।
ফোনালোপের পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন মাখোঁকে বলেছেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী চলছে। যুদ্ধ থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেননি পুতিন।