ইউক্রেন ন্যাটোর সদস্য হলে যুদ্ধ শুরু হতো না: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ যদি আগে থেকে ন্যাটো জোটে থাকত, তবে রাশিয়া ইউক্রেনে হামলা করত না।

আজ রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে ন্যাটো যে সহায়তা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, 'আমরা যদি ন্যাটো সদস্য হতাম, তাহলে যুদ্ধ শুরু হতো না। আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পেতে চাই।'

'যদি ন্যাটো সদস্যরা আমাদের জোটে দেখতে প্রস্তুত থাকে, তবে অবিলম্বে এটি করুন। কারণ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে', যোগ করেন তিনি।

'কিন্তু আপনারা যদি আমাদের জনগণের জীবন রক্ষা করতে প্রস্তুত না হন, যদি আমাদের ইতস্তত অবস্থায় দেখতে চান, এমন অনিশ্চিত অবস্থানে দেখতে চান, যেখানে আমরা বুঝতে পারছি না আপনারা আমাদের গ্রহণ করতে পারবেন কি না—তাহলে আপনারা আমাদের এই পরিস্থিতিতে রাখতে পারবেন না। আমাদের এই নরকে থাকতে বাধ্য করতে পারবেন না', ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন।

এক প্রশ্নের জবাবে জেলেনস্কি সিএনএনকে বলেন, ইউক্রেন তার ভূখণ্ডের অখণ্ডতার ব্যাপারে আপস করতে পারবে না।

ইউক্রেনীয় সরকার নব্য-নাৎসিতে পূর্ণ— রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন দাবি সম্পর্কে জানতে চাইলে জেলেনস্কি বলেন, পুতিনের এসব কথা হাস্যকর।