এবারের আলোচনায়ও অগ্রগতি নেই: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

ক্রেমলিন বলেছে, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউক্রেন নিজেদের দাবি লিখিত আকারে তুলে ধরে ইতিবাচক কাজ করেছে। বিষয়টিকে স্বাগত জানাচ্ছে রাশিয়া। তবে এটি ছাড়া আলোচনায় এখনও অগ্রগতির কোনো লক্ষণ নেই। 

আজ বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

পেসকভ আজ সাংবাদিকদের বলেন, 'এটি ইতিবাচক বিষয় যে, ইউক্রেন পক্ষ অন্তত সুনির্দিষ্টভাবে দাবি প্রণয়ন করতে শুরু করেছে এবং তাদের প্রস্তাব লিখিতভাবে তুলে ধরেছে।'

'এটি ছাড়া, রাশিয়া সত্যিকার অর্থেই আশাব্যঞ্জক কিছু লক্ষ্য করেনি। কোনো অগ্রগতি নেই। সামনে অনেক কাজ বাকি', যোগ করেন তিনি।

এদিকে গতকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনার পর রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি জানান, ২ পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।

বৈঠকটি ২৯-৩০ মার্চ ২ দিন স্থায়ী হওয়ার কথা ছিল। তবে রুশ প্রতিনিধিদল এবং তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, একদিনেই এই বৈঠক শেষ হয়েছে।