‘পুতিন কসাই’: বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন মাখোঁ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'কসাই' বলা নিয়ে আপত্তি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, এসব শব্দ ব্যবহার করে উত্তেজনা না বাড়িয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার দিকে মনোযোগ দেওয়া উচিত।
আজ রোববার ফরাসি চ্যানেল ফ্রান্স ৩- কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
মাখোঁ বলেন, 'আমি এই জাতীয় শব্দ ব্যবহার করব না। কারণ আমি এখনও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করছি।'
'ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে তা বন্ধ করা এবং যুদ্ধ ও উত্তেজনা এড়ানো আমাদের লক্ষ্য। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামানোর কোনো আশা থাকলে পরিস্থিতির অবনতি রোধ করার জন্য সবকিছু করা উচিত', যোগ করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, প্রথমে যুদ্ধবিরতি এবং তারপর কূটনৈতিক উপায়ে রাশিয়ান সেনাদের ইউক্রেন থেকে পুরোপুরি প্রত্যাহার করাই এখন কাজ। সেটি করতে চাইলে কথায় বা কাজে উত্তেজনা বাড়ানো উচিত নয়।
ইউরোপে সফররত বাইডেন গতকাল শনিবার পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর বলেন, `ভ্লাদিমির পুতিন কসাই' এবং 'তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না'।
এর আগেও পুতিনকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশেষণে আখ্যায়িত করেছেন বাইডেন। গত সপ্তাহে পুতিনকে যুদ্ধাপরাধী বলেছিলেন বাইডেন। বিষয়টি নিয়ে ক্রেমলিন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে বাইডেনের এ মন্তব্য মস্কোর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না, সেই বাইডেন সিদ্ধান্ত নেবেন না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'এটি শুধু রুশ ফেডারেশনের জনগণ ঠিক করবে।'