পুতিন ভেবেছিলেন ন্যাটোকে বিভক্ত করতে পারবেন: বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের পর ন্যাটো মিত্রদের বিভক্ত করতে না পেরে অবাক হয়েছেন।

আজ শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের সময় বাইডেন এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

ওয়ারশতে আজ পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও ইউক্রেন সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন তিনি।

বাইডেন বলেন, 'এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী যে, ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন তিনি ন্যাটোকে বিভক্ত করতে, পশ্চিম থেকে পূর্বকে আলাদা করতে এবং অতীত ইতিহাসের ভিত্তিতে জাতিগুলোকে আলাদা করতে সক্ষম হবেন। কিন্তু তিনি এটি করতে পারেনি। আমরা সবাই একসঙ্গেই থেকেছি।'

তিনি আরও বলেন, 'আমরা ২ বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে শিখেছি। তখন আমরা এসবের বাইরে থেকেছি এবং ইউরোপে স্থিতিশীলতা আনার বিষয়ে যুক্ত হইনি। এ বিষয়টি সবসময় আমাদের তাড়িত করে।'

'সুতরাং আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সফরকারী সিনেটর এবং বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং এখন প্রেসিডেন্ট হিসেবেও এ কথা বলছি', যোগ করেন বাইডেন।