পূর্বাঞ্চলে রুশ আক্রমণ প্রতিরোধে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের সেনাবাহিনী দেশের পূর্ব দিক থেকে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে।

আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভের আক্রমণ ব্যর্থ হওয়ায় রুশ বাহিনী এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা মোতায়েন করে নতুন করে আক্রমণ প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে।

প্রায় ৫ সপ্তাহ ধরে চলছে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান। এই আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির এক চতুর্থাংশ মানুষ।

ইউক্রেন বাহিনীর তীব্র প্রতিরোধে রাশিয়া কিয়েভসহ বড় কোনো শহর দখল করতে পারেনি। তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়া জানিয়েছে, আস্থা তৈরি করার জন্য তারা কিয়েভ এবং চেরনিগভের দিকে তাদের সামরিক কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে দেবে।

তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এই প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, এটি অন্য দিক থেকে আক্রমণের প্রস্তুতি নেওয়া ও নিজেদের ক্ষয়ক্ষতি পরিমাপ করার সময় আদায়ের জন্য একটি চক্রান্ত।

আজ ভোরে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার সেনারা কিয়েভ চেরনিগভ থেকে নিজেদের প্রত্যাহার করেনি, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী তাদেরকে বাধ্য করেছে সেখান থেকে সরে যেতে।

তিনি আরও বলেন, ইউক্রেন দেখতে পাচ্ছে 'ডনবাস অঞ্চলে নতুন করে আক্রমণ করার জন্য রুশ বাহিনী জমায়েত হচ্ছে এবং আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।'

ডনবাস অঞ্চলে ২টি স্বঘোষিত পিপলস রিপাবলিক আছে। রাশিয়ার ভাষ্য, তারা এই দুটি অঞ্চলকে ইউক্রেনের কাছ থেকে মুক্ত করতে সহায়তা করছে।

দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন গতকাল বুধবার জানান, (এ অঞ্চলে) আগ্রাসী অভিযান আরও তীব্র হয়েছে।

ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ইস্তানবুলের বৈঠকে আলোচনা হয়েছে। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি জানান, আগামী শুক্রবার অনলাইনে আবারও আলোচনা শুরু হবে।