ফেসবুক-ইনস্টাগ্রামে পুতিন ও রুশ সেনার বিরুদ্ধে কথা বলা যাবে
নিয়ম পরিবর্তন করেছে মেটা। নতুন নিয়ম অনুযায়ী মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সেনাবাহিনীর সহিংসতা নিয়ে কথা বলা যাবে।
তবে এই নিয়ম 'সাময়িক'।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মেটার মুখপাত্র ইমেল বার্তায় গণমাধ্যমকে বলেছেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে রাজনৈতিক বক্তব্যের অনুমতি দিচ্ছি। যেমন, "রুশ অনুপ্রবেশকারীরা নিপাত যাক"। এটি সাধারণভাবে আমাদের নিয়ম ভঙ্গ করে। তবে আমরা সাধারণ রুশদের বিরুদ্ধে এরকম কিছু বলার অনুমতি দিইনি।'
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি 'রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিপাত যাক' বা 'বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিপাত যাক' বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম তা সাময়িকভাবে অনুমোদন দেবে।
তবে শুধুমাত্র রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের বক্তব্য দেওয়া যাবে। এমন বক্তব্য রাশিয়াতেও দেওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।