বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেন-রাশিয়ার সম্মতি
ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিতে দুই পক্ষ সম্মত হয়েছে। এক্ষেত্রে নাগরিকদের বেরিয়ে যাওয়ার জন্য দুই পক্ষই নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সঙ্গে তীব্র লড়াই চলছে এমন জায়গাগুলোতে জরুরি ওষুধ ও খাবার সরবরাহ করা হবে।
বেলারুশে ইউক্রেনের পক্ষে আলোচনায় অংশ নেওয়া মিখাইলো পোডোলইয়াকের বরাতে বিবিসি জানায়, কিছু সেক্টরে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়টায় অস্ত্রবিরতিরও সম্ভাবনা আছে।
অন্যদিকে রাশিয়ার পক্ষে আলোচনায় অংশ নেওয়া ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ার একটি টিভি চ্যানেলকে বলেন, আলোচনায় কিছু ব্যাপারে একমত হওয়া গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারে সমাধান এসেছে তা হলো যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের জীবন বাঁচানো।
তিনি বলেন, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে সম্মত হয়েছে যে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাওয়ার পথ করে দেওয়া হবে। সেই সময়টায় দুপক্ষ সাময়িক লড়াই বন্ধ রাখার সম্ভাবনাও আছে। আমি একে বড় অগ্রগতি মনে করি।
আগামী সপ্তাহে দুই পক্ষ আবার বৈঠকে বসবে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।